বীমা খাত পুনরুজ্জীবনে মানসিকতার পরিবর্তন ও কাঠামোগত সংস্কারের আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
নবনিযুক্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেছেন, দেশের বীমা খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না; প্রয়োজন মানসিকতার পরিবর্তন এবং কার্যকর কাঠামোগত সংস্কার।
শনিবার রাজধানীতে ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত "বাংলাদেশের বীমা খাতের সংস্কার ও আধুনিকায়নের রূপরেখা" শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।
তিনি বলেন, বীমা খাতের টেকসই পুনরুদ্ধারের জন্য নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানিগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
'আমি সমস্যার কথা শুনি ও বুঝি। কিন্তু আমি সবসময় সমাধানের দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে চাই' বলেন মীর নাদিয়া নিভিন।
তার মতে, স্থায়ী কাঠামোগত সংস্কারের ভিত্তি তিনটি, রাজনৈতিক সদিচ্ছা, নিয়ন্ত্রক সংস্থার সদিচ্ছা এবং শিল্পখাতের সদিচ্ছা।
তিনি বলেন, 'যদি আমরা সত্যিই এই খাতকে ঠিক করতে চাই, তাহলে সবাইকে অংশীদার হিসেবে কাজ করতে হবে। অংশীদারিত্বের বিকল্প নেই'।
চেয়ারম্যান জানান, সরকারের রাজনৈতিক সমর্থন এবং আইডিআরএর নিয়ন্ত্রক সদিচ্ছা রয়েছে। তবে বীমা কোম্পানিগুলো যদি শুধু স্বল্পমেয়াদি আর্থিক লাভ ও দ্রুত অর্থ উত্তোলনের চিন্তায় থাকে, তাহলে কোনো ধরনের নিয়ন্ত্রক পদক্ষেপই সফল হবে না।
তিনি বীমা কোম্পানির পরিচালনা পর্ষদগুলোর প্রতি সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
কমপ্লায়েন্সভিত্তিক তদারকি থেকে ঝুঁকিভিত্তিক তদারকির ক্ষেত্রে মীর নাদিয়া নিভিন বলেন, 'বর্তমান কমপ্লায়েন্সভিত্তিক (Compliance-Based Supervision) তদারকি ব্যবস্থা পুরোনো এবং আধুনিক আর্থিক খাতের জন্য উপযোগী নয়।
তার ভাষায়, বর্তমান ব্যবস্থায় কোম্পানিগুলো এক বছর আগের আর্থিক তথ্য জমা দেয়। কিন্তু প্রতিদিন বাজার ও আর্থিক ঝুঁকির পরিবর্তন ঘটছে। তাই পুরোনো তথ্যের ভিত্তিতে নিয়ন্ত্রণ কার্যকর হয় না।
এ কারণে আইডিআরএ দ্রুত ঝুঁকিভিত্তিক তদারকি (Risk-Based Supervision - RBS) ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে বাস্তব সময়ের তথ্য বিশ্লেষণ করে কোম্পানিগুলোর ঝুঁকি আগেভাগেই শনাক্ত করা সম্ভব হবে। এতে কোনো প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে।
তিনি বলেন, 'নিয়ন্ত্রণ মানেই শুধু লাঠি হাতে দাঁড়িয়ে থাকা নয়। সঠিক ও তাৎক্ষণিক তথ্য থাকলে আমরা কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে পারব, ঝুঁকি আগে থেকেই শনাক্ত করতে পারব এবং দেউলিয়াত্বের আগে সতর্ক করতে পারব'।
বকেয়া দাবি পরিশোধ ও তারল্য সংকট
বীমা দাবির অর্থ পরিশোধে জটিলতা এবং সমস্যাগ্রস্ত ব্যাংকে আটকে থাকা বীমা কোম্পানির আমানতের বিষয়ে তিনি বলেন, আইডিআরএ বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজছে।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে আটকে থাকা আমানত উদ্ধারের সম্ভাবনা এবং ট্রেজারি বন্ড নগদায়ন করে গ্রাহকদের দাবি পরিশোধের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, সরকার যদি এককালীন আর্থিক সহায়তা (বেইলআউট) দেওয়ার কথা বিবেচনা করে, তাহলে তার আগে বীমা কোম্পানিগুলোকে নিজেদের সুশাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, 'সরকারের কাছে এককালীন সহায়তার প্রস্তাব দেওয়া যেতে পারে। তবে তার আগে কোম্পানিগুলোকে নিজেদের ঘর গোছাতে হবে এবং অতীতের সুশাসনের ব্যর্থতা আর হবে না—এমন নিশ্চয়তা দিতে হবে'।
কমিশননির্ভর ব্যবসা থেকে বেরিয়ে আসার আহ্বান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সুযোগসন্ধানীরা বীমা খাতকে শুধু 'কমিশনের ব্যবসা' হিসেবে দেখেছে, যার ফলে সুশাসনের ঘাটতি তৈরি হয়েছে।
তিনি বলেন, দুর্বল বিনিয়োগ ব্যবস্থাপনা এবং ডিজিটালাইজেশনের অভাব বর্তমানে বীমা খাতের দুটি বড় সমস্যা।
একই সঙ্গে তিনি অতিরিক্ত নিয়ন্ত্রণের বিরুদ্ধেও সতর্ক করেন।
তার ভাষায়, 'অতিরিক্ত নিয়ন্ত্রণ দুর্নীতির সুযোগ সৃষ্টি করে। প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আর অতিনিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম'।
তিনি শক্তিশালী নিরীক্ষক, সার্ভেয়ার এবং ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের মাধ্যমে একটি স্বাধীন ও বাজারভিত্তিক নিয়ন্ত্রক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
পুনর্বীমায় একচেটিয়া ব্যবস্থা ভাঙার দাবি
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ বলেন, বীমা খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য আধুনিক পণ্য চালু, গ্রাহকের বিনিয়োগ সুরক্ষা এবং বাজারের একচেটিয়া ব্যবস্থা ভাঙা জরুরি।
তিনি বেসরকারি খাতে প্রতিযোগিতামূলক পুনর্বীমা (Reinsurance) কোম্পানি প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার দাবি জানান।
পাশাপাশি কমিশননির্ভর ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন করে বীমাকে দ্রুত মুনাফার মাধ্যম নয়, বরং দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার উপকরণ হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
গণমাধ্যমের সহযোগিতা চাইলেন আইডিআরএ চেয়ারম্যান
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মীর নাদিয়া নিভিন বলেন, তিনি সব অংশীজনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বীমা খাতের আধুনিকায়ন ও সংস্কার এগিয়ে নিতে চান।
একই সঙ্গে জনগণের আস্থা পুনর্গঠনে বীমা কোম্পানি এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
Comments