ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক
নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন বাধ্যবাধকতার কথা জানান। করের আওতা বা জাল বাড়াতে সরকারের নেওয়া এই সিদ্ধান্তটিকে এবারের বাজেটের অন্যতম বড় ও নীতিগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে যেকোনো সাধারণ ব্যক্তি নতুন কোনো ব্যাংক হিসাব খুলতে গেলে বাধ্যতামূলকভাবে তাঁর টিআইএন (TIN) সনদ প্রদর্শন করতে হবে।
সাধারণ গ্রাহকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হলেও, সমাজের কিছু নির্দিষ্ট শ্রেণি এবং বিশেষ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাড় পাওয়া খাতগুলো হলো:
ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও সঞ্চয়মুখী অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো টিআইএন সনদ দেখাতে হবে না। প্রান্তিক জনগোষ্ঠীর ১০ টাকার ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সরকারের বিভিন্ন মানবিক ভাতা পাওয়ার জন্য যেসব হিসাব খোলা হয়, সেগুলোতে টিআইএন লাগবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনভোগী হিসাবের ক্ষেত্রেও টিআইএন প্রদর্শনে পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে ১৭ কোটিরও বেশি ব্যাংক হিসাব সচল রয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে যারা সম্পূর্ণ নতুনভাবে ব্যাংক ব্যবস্থার আওতাভুক্ত হতে যাচ্ছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) আওতায় আসতে হবে। মূলত দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিকভাবে করের পরিধি বাড়াতেই এই কঠোর উদ্যোগ নিচ্ছে সরকার।
Comments