প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। পরে সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার পর ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান। তাদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Comments