মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী
রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ 'পিংক বাস' সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হতে যাওয়া এই বাসে যাত্রীসেবার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে 'মহিলা বাস সার্ভিস পরিচালনা' কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ সার্ভিসের বাসগুলো পিংক রঙের হবে এবং চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
বিআরটিসি জানিয়েছে, রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার পাশাপাশি বাস পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য গণপরিবহনে আরও নিরাপদ ও বিশেষায়িত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণের সুযোগও বাড়বে।
Comments