হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান
যুক্তরাজ্য বা পশ্চিমা দেশগুলোর বাইরে প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে মর্যাদাপূর্ণ 'হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার'-এর (হিপা) গ্র্যান্ড পুরস্কার অর্জন করেছেন পিনু রহমান। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার ১৫তম আসরে 'ফ্যামিলি' (পরিবার) থিমে বিশ্বমঞ্চে এই গৌরব অর্জন করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই প্রতিযোগিতার এটিই সর্বোচ্চ স্বীকৃতি।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দুবাই ফিউচার মিউজিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গ্র্যান্ড বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
'আন্ডার দ্য সেম স্কাই' (একই আকাশের নিচে) শিরোনামের একটি মর্মস্পর্শী আলোকচিত্রের জন্য পিনু রহমানকে এই পুরস্কার দেওয়া হয়। ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া ঢাকার কড়াইল বস্তির একটি ঘরে মাথার ওপর ছাদ বা চার দেয়াল না থাকায় খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন এক পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সর্বস্ব কিংবা মাথা গোঁজার ঠাঁই হারিয়ে গেলেও পরিবারের অটুট বন্ধন এবং নিঃশর্ত ভালোবাসার গভীর মানবিক বার্তা ফুটে উঠেছে এই ফ্রেমে।
পিনু রহমান পেশাগত জীবনে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। পিরোজপুরে বেড়ে ওঠা এই আলোকচিত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আলোকচিত্রের প্রতি গভীর ভালোবাসার টানেই তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান।
গ্র্যান্ড পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পিনু রহমান বলেন, "আজ সকাল থেকে পুরো বাংলাদেশ যেন আমার হয়ে কথা বলছে! একজন মানুষের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!" এ সময় তিনি বাংলাদেশের অন্য আলোকচিত্রী ভাই-বোনদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান।
চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে একের পর এক সাফল্যের মুকুট যুক্ত হয়েছে পিনু রহমানের ঝুলিতে। এর আগে তিনি 'সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬'-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া ইতালির মর্যাদাপূর্ণ 'সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬'-এ 'দ্য গোল্ডেন বার্ডেন' ছবির জন্য প্রথম পুরস্কার এবং একই আসরে 'ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি' ছবির জন্য 'হাইলি কমেন্ডেড' স্বীকৃতি লাভ করেন।
এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে 'দ্য মোমেন্ট' থিমে প্রথম পুরস্কার জিতেছিলেন আরেক বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদ। এছাড়া বিভিন্ন আসরে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী নানা সম্মাননা অর্জন করেছেন। তবে পিনু রহমানের হাত ধরে অর্জিত এই 'গ্র্যান্ড পুরস্কার' বাংলাদেশের আলোকচিত্রশিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল।
Comments