মারা গেছেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম
শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড় ভাই কামাল আহমেদ বাচ্চু। তিনি জানান, রাত ১টা ৭ মিনিটে চিকিৎসকের কাছ থেকে তারা আমীরুল ইসলামের মৃত্যুর খবর পান।
কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ আগস্ট রাজধানীর কল্যাণপুরের একটি হাসপাতালে ভর্তি হন আমীরুল ইসলাম। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, লাইফ সাপোর্টে নেওয়ার পরও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। সাহিত্যকর্মের জন্য দেশ-বিদেশে আরও বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেন তিনি।
দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন আমীরুল ইসলাম। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক এবং সবগুলোই শিশুসাহিত্যভিত্তিক।
সাহিত্যচর্চার পাশাপাশি গণমাধ্যমেও সক্রিয় ছিলেন তিনি। কর্মজীবনের শেষদিকে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই শিশুসাহিত্যিক।
Comments