ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাবে বিশ্বজুড়ে তোলপাড়, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অস্থিরতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রস্তাবে বিশ্ববাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর পরিকল্পনা দিয়েছে তার প্রশাসন, যার তালিকায় বাংলাদেশও রয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপে বিভিন্ন দেশের সরকার উদ্বেগ ও অসন্তোষ জানিয়েছে। পাশাপাশি শুল্কের ঘোষণা ও মূল্যস্ফীতির নতুন তথ্যের প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মিশ্র ও চাপের চিত্র দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ঘোষিত প্রস্তাবে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও কার্যকর রয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে চীন কম দামে পণ্য উৎপাদন ও বিশ্ববাজারে রপ্তানি করছে। বিশেষ করে ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি এবং সৌরবিদ্যুৎ পণ্যের মতো খাতে অতিরিক্ত উৎপাদনের কারণে অন্য দেশগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে বলে দাবি ওয়াশিংটনের।
তবে বেইজিং এই অভিযোগ নাকচ করে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, তথাকথিত 'অতিরিক্ত উৎপাদন' একটি ভিত্তিহীন বিষয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ব্যবহার করার বিরোধিতা করে চীন। তিনি বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
অন্যদিকে, প্রস্তাবিত শুল্কের আওতার বাইরে প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্য রাখা হতে পারে। দ্বিপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার আওতায় এসব পণ্যের শুল্ক কমানোর বিষয়টি আলোচনায় রয়েছে।
শুল্কের তালিকায় বাংলাদেশসহ ১৪ অংশীদার
চীন ছাড়াও নতুন শুল্ক প্রস্তাবের আওতায় রয়েছে: বাংলাদেশ, ভারত,জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া,কম্বোডিয়া,মালয়েশিয়া,সিঙ্গাপুর,সুইজারল্যান্ড,তাইওয়ান,থাইল্যান্ড,ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যদেশ
তবে মেক্সিকো ও নরওয়েকে আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে, কারণ দেশ দুটির বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত এখনো চলছে।
ইউরোপ ও সুইজারল্যান্ডের প্রতিক্রিয়া
নতুন শুল্ক প্রস্তাবের জবাবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের তদন্তের ফলাফল খতিয়ে দেখবে। তবে ইউরোপকে অতিরিক্ত উৎপাদনের উৎস হিসেবে দেখানোর অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে জোটটি।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, ইউরোপ উল্টো অতিরিক্ত উৎপাদনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। সুইজারল্যান্ড সরকারও তদন্তে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, বাণিজ্যচর্চা নিয়ে চলমান তদন্তের প্রেক্ষাপটে আপাতত শুল্কের বাইরে থাকায় স্বস্তি প্রকাশ করেছে নরওয়ে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ও অর্থনীতিতে প্রভাব
নতুন শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে টানাপোড়েন দেখা দেয়। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ০.৬ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২৫ শতাংশ কমে লেনদেন শেষ করে। বিপরীতে, ডাও জোন্স সূচক আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে ০.৩ শতাংশ বেড়ে দিনের লেনদেন শেষ করে।
এদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারি বন্ডের মুনাফার হারও (ইল্ড) কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুল্ক ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যও বাজারে প্রভাব ফেলেছে। মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক ০.৩ শতাংশ বাড়ায় ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
Comments