ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগামী ১৬ ডিসেম্বর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন আবারও নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, 'ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না, একমাত্র শীত আসবে।' এ সময় তিনি সবাইকে শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শ দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে শেখ হাসিনার মুখপাত্রের বরাতে তার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশিত হয়েছিল।
ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, 'ঘুরেফিরে শেখ হাসিনার কথা বলে লাভ নেই। ডিসেম্বরে শেখ হাসিনা হয়ে যাবে "শেখ আসবে না"। তিনি এখন মূল্যহীন ও অপ্রাসঙ্গিক।' তিনি আরও জানান, তাকে কেবল প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) মাধ্যমে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বিমানে করে আনা হতে পারে—এটাই তার ফেরার একমাত্র পথ।
ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে দেশটির পরিস্থিতি প্রসঙ্গে হুমায়ুন কবির মন্তব্য করেন, ভারতও এখন বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, বাড়িতে কাউকে আমন্ত্রণ জানানোর পর সেই মেহমান যদি অযাচিত আচরণ ও উল্টাপাল্টা কথা বলে, তখন তাকে বেরও করা যায় না, আবার সহ্যও করতে হয়—ভারতের অবস্থাও এখন তেমন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।
এ ছাড়া ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের নেতা অর্জুন সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'সব দেশের রাজনীতিতেই কিছু পাগল থাকে। আমাদের কূটনৈতিক সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, তাই আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গেই গুরুতর বিষয়গুলো নিয়ে আলোচনা করব।'
আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য ও ভিয়েনা কনভেনশন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে পুনরায় বলেন, ডিসেম্বরে কারও আসার কোনো সম্ভাবনা নেই, কেবল শীতই নিশ্চিতভাবে আসছে।
Comments