লিটারপ্রতি ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে (যা আগে ১ হাজার টাকা ছিল)। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভায় সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, এলসি খোলা, আমদানি এবং আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদরের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে সয়াবিন তেলের এই নতুন দাম নির্ধারণ করা হয়।
এ সময় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর তেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে তা সমন্বয় না করায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। আসন্ন পবিত্র রমজানে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই আমদানি ব্যয়ের সঙ্গে সংগতি রেখে দাম বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া কৃত্রিম সংকট, অবৈধ মজুতদারি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments