বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে নতুন করে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীনের ওপর অন্যান্য দেশের মাধ্যমে চাপ সৃষ্টি করে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা ঢেলে সাজাতে চাইছে ওয়াশিংটন, যার মূল লক্ষ্য চীন।
নতুন এই শুল্ক চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সমঝোতার সীমার মধ্যেই রয়েছে, তবে ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মিয়ামিতে দুই দেশের নেতাদের চলতি বছরের চতুর্থ শীর্ষ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে এই সিদ্ধান্তের গুরুত্ব বেড়েছে।
ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামসের মতে, আবারও বাণিজ্যযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চাপ প্রয়োগের বাড়তি সুযোগ তৈরি করবে সর্বশেষ পদক্ষেপগুলো। তাঁর মতে, তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনকে বিশেষ গুরুত্ব দেওয়াটা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকের কৌশলেরই প্রতিফলন। তখন অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অন্য দেশগুলোকে সুরক্ষাব্যবস্থা জোরদার এবং চীনের ওপর নির্ভরতা কমাতে চাপ দিয়েছিল ওয়াশিংটন।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রথম মেয়াদে আরোপিত ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চীনের ওপর ২০ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সমঝোতায় নির্ধারিত সীমার মধ্যে পড়ে। তবে সমঝোতা ভেঙে গেলে দ্বিতীয় মেয়াদে এই শুল্ক ৪০ শতাংশে পৌঁছাতে পারে।
নতুন শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় অন্যায্য শিল্পনীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়নি বেইজিং। বিশ্বজুড়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতাসহ অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে আট মাসের তদন্ত শেষে এ সিদ্ধান্ত এসেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ যেসব অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে বা আলোচনা চলছে, তাদের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন—তবে এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন। দেশটি থেকে আমদানি ও চীনা বিনিয়োগ নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় বাণিজ্য অংশীদারদের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো চীনের বাণিজ্য উদ্বৃত্ত এক লাখ কোটি ডলার ছাড়িয়ে আরও বাড়তে পারে। ভিয়েতনাম নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতরের প্রতিবেদনে ২৫০ বারের বেশি এবং ইইউসংক্রান্ত প্রতিবেদনে ৩০০ বারের বেশি চীনের নাম উল্লেখ করা হয়েছে।
আবারও কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র ও চীন?
২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের 'লিবারেশন ডে' বা মুক্তি দিবসে ঘোষিত শুল্ক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর দ্বিতীয়বারের মতো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেবার প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হলেও পূর্ণ শক্তিতে পাল্টা ব্যবস্থা নিয়েছিল একমাত্র চীন। একপর্যায়ে দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কে পৌঁছায় এবং বিরল মৃত্তিকা উপাদান পরিশোধনে আধিপত্য কাজে লাগিয়ে রফতানিতে বিধিনিষেধ আরোপ করে বেইজিং—যা গাড়ি থেকে প্রতিরক্ষা খাত পর্যন্ত নানা শিল্পে অচলাবস্থা তৈরির সক্ষমতা দেখায়।
পরে শীর্ষ বৈঠকগুলো দুই দেশের সম্পর্কে কিছুটা স্থিতিশীলতা আনে। চলতি মাসে চীন সফরে ট্রাম্পকে প্রথা ভেঙে বিমানবন্দরে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং; নৃত্য পরিবেশন ও সশস্ত্র সেনাদের উপস্থিতিতে ওই অভ্যর্থনা ইঙ্গিত দেয় যে ২০২৫ সালের মতো বাণিজ্যিক সংঘাত শিগগিরই চরম পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা কম। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা উপাদান রফতানিতে বিধিনিষেধ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে চীন, আর চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার সম্মতির কথা জানিয়েছে—যা সমঝোতা বহাল থাকার ইঙ্গিত দেয়।
তবে শুল্ক বাড়ানোর সুযোগ দর-কষাকষির ক্ষমতা বাড়ালেও মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে ওয়াশিংটনকে, কারণ চলতি মাসে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ ছিল প্রধান কারণ। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের জ্যেষ্ঠ গবেষক চেন বো মনে করেন, চীন আরেকটি বাণিজ্যযুদ্ধ চায় না; যুক্তরাষ্ট্রও সম্ভবত তা চায় না এবং উভয় পক্ষই সমঝোতায় আগ্রহী।
অন্য অংশীদারদের সঙ্গেও কি চীনের উত্তেজনা বাড়বে?
'লিবারেশন ডে'র শুল্ক ঘোষণার পর দেখা গেছে, চীন শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে, কিন্তু অন্যান্য দেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বাড়ে। সর্বশেষ পদক্ষেপে চীনের ওপর শুল্ক বেড়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ পয়েন্ট। বৈশ্বিক চাহিদার তুলনায় পণ্য সরবরাহে চীনের অবদান বেশি হওয়ায় নিজস্ব শিল্প ও কর্মসংস্থান রক্ষায় বিভিন্ন সরকারের ওপর চাপ বাড়ছে।
সমালোচকদের মতে, দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয়ের কারণে রফতানির ওপর নির্ভরতা বাড়াচ্ছে বেইজিং, যা অন্যদের স্বার্থ ক্ষুণ্ন করে প্রবৃদ্ধি টেনে নিচ্ছে। ম্যাককোয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শভেটসের মতে, যুক্তরাষ্ট্রের অসংগত বাণিজ্যনীতির চেয়েও চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধির বড় কারণ হয়ে উঠবে। তাঁর মতে, এর সবচেয়ে বড় প্রভাব এখন ইইউর ওপর পড়ছে এবং সামনে অন্য দেশগুলোকেও একই চাপে পড়তে হবে, ফলে শুল্ক ও অশুল্ক বিধিনিষেধ বাড়তে পারে।
চলতি বছর চীন থেকে আমদানি করা নির্দিষ্ট গাড়ির ক্ষেত্রে কোটা মানতে বেইজিংকে রাজি করিয়েছে ইইউ এবং ব্রাসেলসের আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ানের মতে, ইইউর সঙ্গে এ সমঝোতা প্রমাণ করে যে বাণিজ্যের সব ক্ষেত্রে সব সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না চীন; ভবিষ্যতে এমন আরও ছাড় দিতে হতে পারে বেইজিংকে।
Comments