আজ শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে উদযাপিত হবে।
সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্বোধন করবেন। ঢাকার শেরেবাংলানগরের পুরান বাণিজ্যমেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন থাকবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণি দিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে বলেন, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে দেশের মোট প্রাণিজ আমিষের জোগানের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি অর্থাত্ দুধ, ডিম ও মাংস থেকে। এ ছাড়া নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের রয়েছে উল্লেখযোগ্য অবদান।
তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উত্পাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ প্রেক্ষাপটে প্রাণিসম্পদের উত্পাদন বৃদ্ধি, দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রাণিজ পণ্যের গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।
বাণিতে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উত্পাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উত্পাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে একদিকে দেশ প্রাণিসম্পদ খাতে আরো স্বনির্ভর হতে পারবে, অন্যদিকে বাংলাদেশের জন্য স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াকরণ পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উত্পাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রপ্তানির বড় সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে।
আন্তর্জাতিক বাজারে আরো অনেক অপ্রচলিত পণ্য রপ্তানিরও সুযোগ রয়েছে।
প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, কর্মশালা, রেসেপি প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি রয়েছে।
Comments