চীনকে মোকাবিলায় ভারত-জাপানের নতুন কৌশল
চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করছে ভারত ও জাপান। আনুষ্ঠানিক কোনো সামরিক জোটে না গেলেও যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং সামরিক অবকাঠামো ব্যবহারের মাধ্যমে দেশ দুটি গড়ে তুলছে একটি কৌশলগত বলয়।
সম্প্রতি জাপানের সামরিক বাহিনীকে ভারতের প্রশিক্ষণক্ষেত্রে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ দেওয়ার বিষয়ে সমঝোতা সেই সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক তৎপরতার ওপর চাপ বাড়াতে চাইছে নয়াদিল্লি ও টোকিও।
সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপানের চতুর্থ 'টু প্লাস টু' বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা এ বিষয়ে একটি সম্মতিপত্রে সই করেন। এর ফলে প্রথমবারের মতো জাপানের আত্মরক্ষা বাহিনী ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে সরাসরি গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ পাবে।
এতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের অনুশীলনও অন্তর্ভুক্ত হতে পারে।
তবে এটি এখনই জাপানকে ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নয়। এর বাস্তবায়ন পদ্ধতি ও প্রয়োজনীয় শর্ত এখনো চূড়ান্ত হয়নি।
নিরাপত্তাঝুঁকি ও উদ্বেগ
ভারত ও জাপানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীন।
২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে।
তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক অবকাঠামো, বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ককেও দুই দেশের নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখছে ভারত।
অন্যদিকে, জাপানের উদ্বেগের প্রধান জায়গা পূর্ব চীন সাগর ও তাইওয়ান ঘিরে। সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে চীন।
দ্বীপগুলো জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও বেইজিং এগুলোকে দিয়াওয়ু নামে অভিহিত করে। তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতাও টোকিওর নিরাপত্তা ভাবনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সামুদ্রিক নিরাপত্তায় জোর
দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালির সামুদ্রিক নিরাপত্তা। গত ২০ আগস্ট ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।
এ সমঝোতার আওতায় সমুদ্রপথে নজরদারি, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং নৌযানের মেরামত ও রসদ সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বাড়ছে মহড়া
দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়াও বাড়ছে। ২০১৮ সাল থেকে ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে 'ধর্ম গার্ডিয়ান' মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
নৌবাহিনীর মধ্যে 'জাইমেক্স' এবং বিমানবাহিনীর মধ্যে 'ভীর গার্ডিয়ান' মহড়াও সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। দুই দেশ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে 'মালাবার' নৌ মহড়াতেও অংশ নিচ্ছে।
প্রতিরক্ষা প্রযুক্তিতেও অংশীদারত্ব
সামরিক মহড়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ বাড়াচ্ছে দুই দেশ। এর একটি উদাহরণ 'ইউনিকর্ন' নামের বিশেষ যোগাযোগ অ্যানটেনা ব্যবস্থা।
জাপানের তৈরি এই প্রযুক্তি যুদ্ধজাহাজের একাধিক অ্যানটেনাকে একটি কাঠামোয় সংযুক্ত করে। এতে তড়িৎচৌম্বকীয় প্রতিবন্ধকতা ও জাহাজের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে এ প্রযুক্তি যৌথভাবে তৈরির বিষয়ে দুই দেশ সমঝোতা করে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং জাপানের সংশ্লিষ্ট সংস্থার যৌথ গবেষণার পরিকল্পনাও রয়েছে।
জোট নয়, অংশীদারিত্বে জোর
তবে ভারত ও জাপানের এই সম্পর্ক এখনো আনুষ্ঠানিক সামরিক জোটে রূপ নেয়নি। কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিকভাবে সহায়তা করতে বাধ্য—এমন চুক্তি তাদের মধ্যে নেই।
ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, অন্যদিকে জাপানের সামরিক ভূমিকা দেশটির সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়। ফলে চীনকে সরাসরি সামরিকভাবে মোকাবিলার চেয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে সম্ভাব্য আগ্রাসনের খরচ বাড়ানোই দুই দেশের প্রধান লক্ষ্য।
এভাবেই আনুষ্ঠানিক জোট ছাড়াই ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলছে।
Comments