ঢাকায় কূটনৈতিক মিশন খোলার অনুরোধ দক্ষিণ আফ্রিকাকে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল সুকলাল। বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কনস্যুলার সেবা সহজতর করার লক্ষ্যে তিনি দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় একটি আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকাগামী বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে উভয় পক্ষই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিপুল অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরে। বাণিজ্য বাড়াতে একটি 'যৌথ বাণিজ্য ফোরাম' (জয়েন্ট ট্রেড ফোরাম) গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকাকে তাদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
Comments