সিলেটের আবাসিক হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক
সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, দুই ভাই ও এক সহযোগীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর জল্লারপাড় এলাকার 'গ্র্যান্ড প্যালেস' হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুর এবং তার সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। টানা প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালানোর পর বুধবার ভোর ৫টার দিকে তাদের পরিচয় নিশ্চিত হয়ে আটক করা হয় এবং কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ সদস্যের একটি দল হোটেলটিতে উঠেছিল।
অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, আটক চারজনকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে তারা কী উদ্দেশ্যে সিলেটে অবস্থান করছিলেন এবং ঠিক কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Comments