হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রাথমিক নিবন্ধিত সব হজযাত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।
মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নিজ নিজ নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।
নির্ধারিত সময়সীমা অর্থাৎ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। এ কারণে জটিলতা এড়াতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
Comments