মানবতাবিরোধী অপরাধের তদন্তে দেশজুড়ে গণশুনানি করবে প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর
২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে সহযোগিতা চেয়ে এরই মধ্যে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা, যাতে সরকার সব ধরনের সহযোগিতা দিতে একমত হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয়ে যশোর থেকে এই গণশুনানি শুরু করা হবে। শুনানি চলাকালে কোনো অভিযুক্ত শনাক্ত হলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারও করা হবে বলে জানান তিনি। এ কার্যক্রমে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবার এবং সব রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম জানান, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি অপরাধের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ৫ আগস্টের পর যারা অভিযুক্তদের বিভিন্ন স্থানে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা পালাতে সহযোগিতা করেছেন, তাদেরও প্রচলিত দণ্ডবিধির আওতায় বিচারের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী এবং সুমনের গুমের ঘটনার তদন্ত দ্রুত শেষ করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।
Comments