আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ আটটি জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত প্লাটুনগুলোর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন এবং ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবি আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comments