স্বর্ণদ্বীপ থেকে ফিরে সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে বিকেলে সচিবালয়ে ফিরে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী এদিন বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর প্রচলিত নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিজের উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
এর আগে, তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে মঙ্গলবার সকাল ৮টায় নিজ বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন এবং বেলা সাড়ে ১১টায় সেখানে অবতরণ করেন।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত 'জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬'-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজেই আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।
Comments