দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা যেকোনো সময় দেশে ফিরতে পারেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে ফেরার পর তাকে তার আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "এত দেরি কেন, আগে আসলে সমস্যা কী? উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন—এই প্রশ্নটা তাকে করার দরকার। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।"
বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, "১৫-১৬ বছর বাংলাদেশের কোথাও দু-চারশ-পাঁচশ লোক জড়ো হলেই শেখ হাসিনা ও তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন এবং পুলিশ দিয়ে তা ছত্রভঙ্গ করে দিতেন। উনি ১৬ ডিসেম্বর বা যেদিনই আসেন—তাড়াতাড়ি চলে আসেন। উনি তো এ দেশেরই নাগরিক। এ দেশের নাগরিক হিসেবে তার আইনগত যে প্রাপ্তি বাকি আছে, সেটি তাকে ভোগ করতে হবে। আমরা চাই তিনি তাড়াতাড়ি চলে আসেন।"
এদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করা হবে।
অন্যদিকে, দেশের বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, "সরকারি মালিকানাধীন যেসব শিল্প-কলকারখানা বন্ধ রয়েছে, সেগুলোর বেশিরভাগই ৬০-৭০ বছরের পুরনো এবং জীবনকাল পাড়ি দিয়েছে। আমরা এগুলোর তালিকা ও কর্মপন্থা তৈরি করেছি। আগামী বছরের শুরু থেকেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।"
মন্ত্রী জানান, ৫০টিরও বেশি সরকারি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বড় শিল্পকারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জ্বালানি চাহিদা পূরণ সাপেক্ষে নতুন কারখানা ও বিনিয়োগ বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Comments