ভিসা বাতিলের দাবির মুখে সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ত্যাগ জামায়াত আমিরের
ভিসা বাতিলের দাবি ও সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়া হয়ে আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়া সফর বাতিল করে সরাসরি দেশে ফিরছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি তুলেছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের বিরোধিতামূলক রাজনৈতিক ইতিহাস, শফিকুর রহমানের অতীতের বিভিন্ন বক্তব্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি উল্লেখ করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে তাঁর ভিসা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি তাঁকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আলবানিজ সরকারের কাছে ব্যাখ্যাও চেয়েছে সংগঠন দুটি।
'অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন' ও 'অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন' এই সফরের বিরোধিতা করে ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে জামায়াত আমিরের অতীতের বক্তব্যের প্রসঙ্গ সামনে এনেছে। একই সঙ্গে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন। অতীতে ইসরায়েলের কয়েকজন রাজনৈতিক নেতার ভিসা সংক্রান্ত অস্ট্রেলিয়া সরকারের কঠোর পদক্ষেপের উদাহরণ টেনে তিনি জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা জানতে চান।
এ ছাড়া অস্ট্রেলিয়ার অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনও জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সমালোচনা করেছেন। সোমবার (২৩ নভেম্বর) দেশটির সাময়িকী 'কোয়াড্রান্ট'-এ প্রকাশিত 'হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?' শীর্ষক এক নিবন্ধে তিনি শফিকুর রহমানের অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি নিয়ে প্রশ্ন তোলেন। নিবন্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জামায়াতের তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।
এদিকে জামায়াত আমিরের এই সফর নিয়ে সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তির মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন প্রবাসে ছড়িয়ে পড়লে সেখানে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে।
সিডনির বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব ও বিবিয়ানা প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী শিপন আহমদ বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ভূমিকা প্রবাসীরা ভুলে যাননি। পাকিস্তানি বাহিনীর সহযোগীদের কর্মকাণ্ডের ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা প্রয়োজন। অতীতের দায় স্বীকার না করে জামায়াতের নেতৃত্ব বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দাবি করলে তা নিয়ে প্রশ্ন উঠবেই বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ জামায়াতের রাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
অস্ট্রেলিয়া বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। স্বাধীনতার বিরোধিতাকারী শক্তির বর্তমান নেতৃত্বকে অতীতের কর্মকাণ্ডের জবাব দিতে হবে। এসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রবাসে জনমত গঠনের চেষ্টা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তাঁরা জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগের বিষয়েও শফিকুর রহমানের জবাব দাবি করেন।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের অনেকে জানান, অস্ট্রেলিয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কিংবা ধর্মীয় বিদ্বেষের কারণে প্রবাসের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট হোক, তা তাঁরা চান না। তাঁদের ভাষ্যমতে, অস্ট্রেলিয়ায় প্রবাসীরা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরছেন; অথচ এই সফরকে ঘিরে দেশটির জাতীয় সংবাদমাধ্যমে উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের অভিযোগ নিয়ে আলোচনা শুরু হওয়ায় সাধারণ প্রবাসীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া সফরে সিডনিতে পৌঁছান ডা. শফিকুর রহমান। শনিবার (২১ নভেম্বর) সিডনির চুলোরায় 'অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল'-এর আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি গ্যালিপলি হোম এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরদিন রবিবার (২২ নভেম্বর) পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের এক আলোচনাসভায় বক্তব্য দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক 'দ্য অস্ট্রেলিয়ান'-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার কারণে জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়া সরকার। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হয়।
Comments