পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের অবস্থান থেকে সরে এসে দাবি কমিয়ে ২২ হাজার টাকায় নামিয়ে এনেছে। তবে উভয় পক্ষের এই প্রস্তাবই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত হয়নি।
আজ মঙ্গলবার মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
বোর্ড চেয়ারম্যান বলেন, "আলোচনা এখনো চলমান। আশা করছি, আজকের মধ্যেই আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব।" পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া তথ্যের বাইরে অন্য কোনো মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের দায়ভার মজুরি বোর্ড নেবে না।
বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া এই সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষের পক্ষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল এবং শ্রমিকপক্ষের পক্ষে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
Comments