বিনা খরচে বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
কোনো ধরনের অভিবাসন খরচ ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। ওই দিন সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটটির উদ্বোধন করবেন। নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান 'ডিএইচএল'-এ কাজের সুযোগ পেয়েছেন এবং তাদের যাতায়াতসহ যাবতীয় খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠানই বহন করছে। তবে প্রথম ধাপের এই ফ্লাইটের পর পরবর্তী ধাপের কর্মীরা কবে নাগাদ যাবেন, সে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের জন্য বিশেষ কোটা সংরক্ষিত রাখা হয়েছে—যা বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জন্য বরাদ্দ।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধারের বিষয়ে প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন, "বিগত স্বৈরাচারী আমলে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন এনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে কর্মী পাঠাচ্ছে।"
পাশাপাশি প্রবাসীরা যেন বৈধ পথে আরও সহজে রেমিট্যান্স পাঠাতে পারেন এবং অবৈধ হুন্ডি ব্যবসা পুরোপুরি বন্ধ হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
Comments