আফগান শরণার্থীদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ
২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর দেশটি থেকে পালিয়ে আসা কিছু নাগরিককে সাময়িক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে রোহিঙ্গা শরণার্থীদের চাপ ও দেশের সক্ষমতার সীমাবদ্ধতার কথা বিবেচনা করে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে তৎকালীন শেখ হাসিনা সরকার।
তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ২০২১ সালের ১৬ আগস্ট সংবাদমাধ্যম ইউএনবিকে দেওয়া বক্তব্যেও তিনি বিষয়টি জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন অনুরোধ পাওয়া গেলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি।' তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ ইতোমধ্যে অনেক সমস্যার মধ্যে রয়েছে। নতুন করে আর কোনো চাপ নিতে চায় না ঢাকা।
পরদিন ১৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন জানান, ১৪ আগস্ট ওয়াশিংটনে বাংলাদেশের মিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি আসে। তবে কতজন আফগান নাগরিককে আশ্রয় দিতে হবে এবং কত দিনের জন্য রাখতে হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
এদিকে, একই বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থাটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন প্রশাসনের ঘোষণায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান এবং পরবর্তী সময়ে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা—দুটি ঘটনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আলোচনায় উঠে এলেও, একটির সঙ্গে অন্যটির সরাসরি সম্পর্ক রয়েছে বলে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর র্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যায় বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের বিষয়গুলোকে নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
আফগান শরণার্থী ইস্যু, র্যাবের ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি—সব মিলিয়ে ২০২১ সালের পর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
Comments