পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়া বিরল ও হাস্যকর : চিফ প্রসিকিউটর
একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামির জন্য সরকারের কাছে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল এবং তা মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চিফ প্রসিকিউশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য বিমান চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। একজন দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামির পক্ষে তার মুখপাত্র যেভাবে বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চেয়ে বিবৃতি দিচ্ছেন, তা অত্যন্ত হাস্যকর। এ ধরনের দাবি সংশ্লিষ্ট মুখপাত্রের উন্মাদনা ছাড়া আর কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথমবারের মতো তিনি দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন। রয়টার্সের মতে, দল নিষিদ্ধ থাকা এবং চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের আবেদনের পর দেশের সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘোষণা নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।
গণ-অভ্যুত্থানের মুখে দিল্লিতে যাওয়ার কয়েক মাস পর বাতিল হওয়া নথিপত্র পুনরুদ্ধারের চেষ্টার পাশাপাশি শেখ হাসিনা জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে তিনি আরও দাবি করেন, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়েছিল এবং আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এদিকে, রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। বাংলাদেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।
Comments