শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি) দিতে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, 'অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ' শীর্ষক প্রকল্পটি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়িত হবে।
চুক্তির শর্তানুসারে, জাপানি কোম্পানিটির কাছ থেকে সরকার অগ্রিম হিসেবে ৮.১ মিলিয়ন ডলার পাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকার সমান। তবে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি প্রাক্কলিত ব্যয়ের এই মেগা প্রকল্পের তুলনায় অগ্রিম অর্থের পরিমাণ মাত্র ০.৪৫ শতাংশ। এ ছাড়া টার্মিনাল পরিচালনাজনিত মোট আয়ের ন্যূনতম ২৭ শতাংশ রাজস্ব পাবে সরকার।
চুক্তি অনুযায়ী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রস্তাবের ভিত্তিতে তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি (বহির্গমন মাশুল) নির্ধারণ করা হয়েছে ১২.৫ ডলার।
এর পাশাপাশি শাহজালাল বিমানবন্দরের অন্যান্য টার্মিনাল এবং দেশের অন্য বিমানবন্দরগুলোর জন্যও নতুন ফি কাঠামোর প্রস্তাব দিয়েছে বেবিচক:
- আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে বিদ্যমান ৫০০ টাকা (প্রায় ৪ ডলার) এমবারকেশন ফির পরিবর্তে বহির্গামী যাত্রীপ্রতি ৬ ডলার চার্জ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
- অভ্যন্তরীণ রুটের যাত্রীদের এমবারকেশন ফি ২৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যান্য প্রযোজ্য কর ও ফির সঙ্গে নতুন এই চার্জগুলো বিমানের টিকিটের মূল্যের সঙ্গে যুক্ত হবে, যার ফলে আগামীতে আকাশপথে ভ্রমণের সামগ্রিক খরচ বৃদ্ধি পাবে।
জাপানি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির একটি উল্লেখযোগ্য শর্ত হলো—আগামী ১৫ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সরকার অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না। তবে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, নির্মাণকাজ পরিচালনা কিংবা সামরিক স্থাপনা গড়ে তোলার বিষয়টি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, আজকের এই সভাটি ছিল ২০২৬-২৭ অর্থবছরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম এবং চলতি ২০২৬ সালের ৩৮তম বৈঠক।
Comments