ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "আওয়ামী লীগ সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস করছে—কীভাবে দেশকে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যায়, বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক ঐক্য নিয়েও কথা হয়েছে।"
তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের উদ্বেগের জায়গাগুলো তুলে ধরেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক থাকার আহ্বান জানান।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, "আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত ৭-৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারের বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে।"
ভবিষ্যৎ ঐক্যের শর্ত নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "যেকোনো ঐক্য বা জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্য প্রক্রিয়ায় সংস্কার যেন একটি মূল এজেন্ডা হয়, আমরা সেই আহ্বান জানিয়েছি।"
Comments