প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা এবং প্রান্তিক জনগণের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ নভেম্বর) বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিতে হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করা এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এই খাতের সার্বিক উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মান বাড়ানোসহ নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা।
Comments