পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা শুরু; বাইরে অবস্থান কর্মসূচি
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের নোটিশ অনুযায়ী, আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এই সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
আজকের সভায় তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তাদের লিখিত প্রস্তাব জমা দেবেন। এরপর শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, সভা চলাকালীন সকাল থেকেই নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে গার্মেন্টস শ্রমিক পরিষদ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে সংগঠনটি মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানাচ্ছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী: প্রথম গ্রেডে ৪৮ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়েছে। প্রথম গ্রেডে ৫৫ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা।
গত ১ নভেম্বর জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে চেয়ারম্যান করে ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের অন্য সদস্যরা হলেন—নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ; মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন; এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় উভয় পক্ষকে নিজ নিজ প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়। ৯ নভেম্বরের দ্বিতীয় সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে না পেরে সাত কার্যদিবস সময় চাইলে বোর্ড চার কার্যদিবস সময় মঞ্জুর করে এবং ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমার নির্দেশ দেয়। পরবর্তীতে ১৬ নভেম্বরের নির্ধারিত তৃতীয় সভাটি অনিবার্য পরিস্থিতিতে স্থগিত হয়ে আজ ২৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা হয়ে ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরেই বিভিন্ন শ্রমিক সংগঠন নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
Comments