ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে সোয়া ৬ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা (প্রায় ২১ হাজার কোটি টাকা)। বর্তমানে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি।
সোমবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে গত জুন মাস শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা তখনকার মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল। তারও আগে গত ডিসেম্বর মাস শেষে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। পরবর্তীতে মার্চ শেষে তা ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। মূলত গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ সামান্য কমলেও পরবর্তী প্রান্তিকগুলোতে তা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে।
সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির প্রভাবেই খেলাপি ঋণের এই পাহাড় জমেছে। পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণের সময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। সরকার পতনের আগে ২০২৪ সালের জুন মাস নাগাদ তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ব্যাংক খাতের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। একই সময়ে প্রভাবশালী ও সরকার-সমর্থিত অনেক গ্রাহক আত্মগোপনে চলে যাওয়ায় খেলাপি ঋণ দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দিলে তা কিছুটা কমে এসেছিল। তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের আমলেও খেলাপি ঋণ বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।
Comments