১৮ দিনের অস্থিরতায় পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে রপ্তানিমুখী কারখানাগুলো। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। স্থানান্তরিত এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। রোববার (২২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফলাফল প্রকাশ করে সংগঠনটি।
বিজিএমইএ জানায়, শিল্পের চলমান সংকটের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের উৎপাদন ও ব্যবসায়িক পরিস্থিতির চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, অস্থিতিশীলতা ও নানা প্রতিবন্ধকতার কারণে প্রতিটি কারখানায় এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ ছিল। এতে মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য বিবেচনায় নিয়ে এই ক্ষতির হিসাব করা হয়েছে।
উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো ক্রয়াদেশের পণ্য পাঠাতে না পারায় অনেক কারখানাকে বাড়তি খরচে আকাশপথে পণ্য রপ্তানি করতে হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের ধরে রাখতে দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ক্রয়াদেশের ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের আর্থিক মূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বিজিএমইএর মতে, ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের ওপর আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।
প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা
জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণকে সামগ্রিক চিত্রের একটি অংশ বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির ধারণা, অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। তবে জরিপের স্বল্প সময়ের মধ্যে তথ্য পাওয়া গেছে মাত্র ৩১৭টি কারখানা থেকে। ফলে অনেক ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তথ্য হিসাবের বাইরে থেকে গেছে।
এ ছাড়া জরিপের তথ্য সংগ্রহ ১৮ নভেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিল্পাঞ্চলে অস্থিরতা পুরোপুরি কাটেনি। তাই ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।
বিজিএমইএর ভাষ্য, এই সংকটের প্রভাব কেবল আর্থিক লোকসানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের সুনাম, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ রপ্তানি সম্ভাবনাও হুমকির মুখে পড়ছে। বিপুল পরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়াকে এর বড় সতর্কসংকেত হিসেবে দেখছে সংগঠনটি।
এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা রক্ষায় উৎপাদন এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি। একই সঙ্গে শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Comments