সৌদির পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুথি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মধ্যে অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ইয়ানবু টার্মিনাল উল্লেখযোগ্য। এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছাকাছি রয়েছে জাজান তেল শোধনাগার।
গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে হুথিরা।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক।
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে হুথিদের হামলায় দেশটিতে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জনই বিমানবন্দরে চালানো হামলার শিকার হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুথিদের হামলায় সৌদি রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া চলতি মাসের শুরুতে হুথিদের আরেকটি হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
Comments