জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও ফিরে আসবে: শফিকুর রহমান
ফ্যাসিবাদের পতনের আন্দোলনে শিশু, তরুণ থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিলেন। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিলের মতো ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের অবসান শিগগিরই হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যখন রাষ্ট্রীয় ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা ছিল, তখনও তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এখন আবার দেশে ফেরার চেষ্টা করছে দলটি। তবে তাদের ফিরে আসা কতটা সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে দেশ ছেড়ে চলে যাওয়ার কারণ নিয়েও প্রশ্ন রাখেন।
অতীতে নির্বিচারে গুম ও হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের ভেতরে থাকা কথিত ভালো ব্যক্তিরা কেন প্রতিবাদ করেননি, তা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, এখন অনেকে নিজেদের ভালো প্রমাণের চেষ্টা করছেন। তবে জাতি তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে অবগত বলেও মন্তব্য করেন তিনি।
'হ্যাঁ' ভোটের প্রশ্নে সরকারের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার অবস্থান থেকে সরে এলেও বিরোধী দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। গণভোটে জনগণের দেওয়া 'হ্যাঁ' ভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। এমন পরিস্থিতি পুরো জাতির জন্য লজ্জাজনক।
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কখনো এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি। অনেকেই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। অথচ আন্দোলনের শুরুতে কেউ কল্পনাও করেননি যে, এর মধ্য দিয়ে সরকারের পতন ঘটতে পারে।
Comments