বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে সিপিএ
বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও সংস্থাটির মহাসচিব স্টিফেন টুইগ।
গত ২০ নভেম্বর শুক্রবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই পক্ষের মধ্যে সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্বের অন্যান্য দেশের সংসদের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে আগ্রহী জাতীয় সংসদ।
বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়নের প্রক্রিয়া আরও কার্যকর করা এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
Comments