আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে বিচারের তদন্ত চলছে: প্রসিকিউটর
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশজুড়ে তদন্ত পরিচালিত হওয়ায় এ প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চালাচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে হয়নি। ফলে তদন্ত শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি মামলার রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। বিচার শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর তামিমের দাবি, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে রায়ের ভিত্তিতে দলটির বিরুদ্ধে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা জানতে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ আনা হয়েছিল। আদালতে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার আসামিদের সাজা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয় বলেও জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
Comments