কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার নির্দেশনা
শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ নেই, এমন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকার তৈরির প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না। বরং কর্মক্ষেত্রের চাহিদা বিবেচনায় নিয়ে বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিতে হবে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অর্থের অভাবের চেয়ে বরাদ্দ কীভাবে নেওয়া হবে এবং তা কীভাবে কার্যকরভাবে ব্যয় করা হবে, সেটি চিহ্নিত করা বেশি জরুরি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। একই সঙ্গে প্রয়োজন নেই, এমন কোনো বিভাগও খোলা উচিত নয়।
অতীতে শিক্ষক ও ছাত্ররাজনীতির প্রভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু বিভাগ চালু করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এসব বিভাগের কার্যকারিতা নিয়ে এখন প্রশ্ন উঠছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নতুন বিভাগ চালুর ক্ষেত্রে শ্রমবাজারের প্রকৃত চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্দেশে তিনি বলেন, বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের প্রয়োজন নেই, সেগুলোর অনুমোদন দেওয়া উচিত হবে না। আপাতত এ ধরনের বিভাগ চালু বন্ধ রাখতে হবে। অন্যদিকে যেসব খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে, সেসব বিষয়ে শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে শিক্ষকসংকটের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়েই পর্যাপ্ত শিক্ষক নেই। বিদ্যালয় ও কলেজের পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ সংকট রয়েছে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভরশীলতার সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রীর ভাষ্য, পিএসসির কাছে চাহিদা জানানো হলেও প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
Comments