দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী গ্র্যাজুয়েট তৈরির আহ্বান রাষ্ট্রপতির
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক র্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাতে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষা বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে এনএসইউ। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলেও জানানো হয়।
এ সময় পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস নির্মাণের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রায় ৪০০ বিঘা জমিতে নির্মাণাধীন এই ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তারা।
প্রতিনিধিদল আরও জানায়, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জবাবে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান বাড়াতে হবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব বাড়ায় এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে তুলতে পারে না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
সাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে অংশ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
Comments