সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
সামুদ্রিক অপরাধ, জলদস্যুতা ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে ইতালির কোস্ট গার্ডের সঙ্গে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও যৌথ কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ নভেম্বর) ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।
এ সময় বাংলাদেশের গভীর সমুদ্রে টহল কার্যক্রম আরও জোরদার করতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার বা জিটুজি পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে বলে জানান তিনি।
বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে 'ব্রাউন ওয়াটার অপারেশন' ও 'অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং' বিষয়ক ২০২৬ সালের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পাশাপাশি সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তারা অংশ নেন। আগামী বছর এ প্রশিক্ষণে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশের কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করেন। পাশাপাশি জলদস্যুতা প্রতিরোধে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments