সৌদিতে বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু হচ্ছে
বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দেশটিতে এ করব্যবস্থা কার্যকর হবে। এর ফলে নির্ধারিত যোগ্যতার আওতায় থাকা বহুজাতিক প্রতিষ্ঠানের মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা হবে।
সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জাটকা) জানিয়েছে, দেশের কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক কোম্পানির সমন্বিত বার্ষিক আয় আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুই বছরে ৭৫০ মিলিয়ন ইউরো বা সমপরিমাণ সৌদি রিয়াল ছিল, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে। তবে আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম নেই, এমন সম্পূর্ণ দেশীয় প্রতিষ্ঠানগুলো নতুন করের আওতামুক্ত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ শতাংশ কর কোম্পানির মোট আয়ের ওপর আরোপ করা হবে না। বরং প্রতিষ্ঠানের মুনাফার বিপরীতে কার্যকর করের হার হিসাব করে এই সীমা নির্ধারণ করা হবে। কোনো প্রতিষ্ঠানের কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর দিতে হবে।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর বৈশ্বিক কর কাঠামোর 'পিলার টু' উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বহুজাতিক কোম্পানিগুলোর কর এড়ানোর প্রবণতা কমানো এবং কম করের দেশের মাধ্যমে মুনাফা স্থানান্তর করে কর সুবিধা নেওয়ার সুযোগ সীমিত করা।
নতুন ব্যবস্থার ফলে সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর নির্ধারিত ন্যূনতম কর দেশটির সরকার নিজেই আদায় করতে পারবে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জাটকার আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: গালফ নিউজ
Comments