বিমান খাতের আধুনিকায়নে আইকাওয়ের সহযোগিতা চাইল বাংলাদেশ
বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) মধ্যে আলোচনা হয়েছে।
কানাডার মন্ট্রিলে আইকাওয়ের ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উন্নয়ন এবং আধুনিক বিমান চলাচল প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সংস্থাটির আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আইকাওয়ের সঙ্গে বাংলাদেশের কার্যক্রম ও সম্পৃক্ততা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
হুয়ান কার্লোস সালাজার গোমেজ পরিবেশগত টেকসই উন্নয়নের পাশাপাশি 'অ্যাডভান্সড এয়ার মোবিলিটি'র সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেন। বিমান চলাচলের ভবিষ্যৎ উন্নয়নে এসব নতুন প্রযুক্তি ও সম্ভাবনাময় ক্ষেত্রে বাংলাদেশকে সক্রিয়ভাবে কাজ করার উৎসাহ দেন তিনি।
বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ক্ষেত্রে আইকাওয়ের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিমান চলাচলের কারিগরি দক্ষতা, নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার বিমান চলাচল খাতের আধুনিকায়ন ও উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ শিল্পের অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যে এ ধরনের আলোচনা আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও পরিবেশবান্ধব করে তুলতে সহায়ক হতে পারে।
বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments