কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ধান কিনবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী
কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ৩৫ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের দাম গত বছরের তুলনায় এক টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আব্দুল বারী বলেন, কালাই উপজেলায় এবার প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার পরও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে তা সংগ্রহের ব্যবস্থা করা হবে। বর্তমানে বাজারে ধানের দাম তুলনামূলক কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, ধান সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ রাখতে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন সামাজিক ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মসূচি।
ধান সংগ্রহে কৃষকদের হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যেসব অনিয়ম ও সমস্যার অভিযোগ ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ইরি মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সরকার পাঁচ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। চলতি মৌসুমে সারা দেশে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
খাদ্যগুদামে ধান সরবরাহ করতে গিয়ে কৃষকদের হয়রানির পেছনে কোনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো চক্রের অস্তিত্ব নেই। ধান সংগ্রহ কার্যক্রম তদারকিতে প্রতিটি স্থানে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। কোনো কৃষক সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক অথবা তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানান তিনি। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কোনো চক্রের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।
খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩ মেট্রিক টন, পাঁচবিবিতে ১ হাজার ৯২ মেট্রিক টন, আক্কেলপুরে ৬০৯ মেট্রিক টন, কালাইয়ে ৬৬৩ মেট্রিক টন এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দ এবং ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
Comments