আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও প্রস্তুত সরকার: প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নতুন নামকরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে 'শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম' এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম 'শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম' রাখা হয়। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন।
মীর শাহে আলম বলেন, অতীতে ক্ষমতাচ্যুত ও বর্তমানে পলাতক রাজনৈতিক শক্তি নানা ষড়যন্ত্র করলেও দেশে তাদের পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। বাংলাদেশকে আর কোনো বিদেশি শক্তির প্রভাবাধীন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে রংপুরের সন্তান আবু সাঈদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্দোলনের ইতিহাসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে পেট্রলবোমা হামলা ও থানায় অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সুযোগ তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো রাজনৈতিক শক্তিকে দমন করার নীতি অনুসরণ করতে চায় না সরকার। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও সংযম দেখানো হচ্ছে। তবে সরকারের এই অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।
থানা ও সরকারি প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে তিনি বলেন, কোনো এলাকায় থানা বা সরকারি প্রতিষ্ঠান প্রয়োজন কি না, সে বিষয়ে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণ যদি কোনো এলাকায় থানা, সরকারি অফিস কিংবা আদালতের প্রয়োজনীয়তা অনুভব না করেন, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার পক্ষে যুক্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতের অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের ঘটনাগুলো দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৈরি করেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়েও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত যথার্থ ছিল বলে বর্তমান পরিস্থিতিতে প্রতীয়মান হচ্ছে। বিষয়টি স্থায়ীভাবে নিষ্পত্তির প্রয়োজন রয়েছে। সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ায় দলটিকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংশোধন প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্ত নেবে।
রংপুরের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজন ও উপভোগের সমান সুযোগ থাকা উচিত।
তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের সংস্কারে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় অন্যান্য উন্নয়ন কার্যক্রমও গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো ও সংস্কার কার্যক্রমের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিলে সেগুলোও বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া রংপুর জেলার জন্য সাড়ে ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর উন্নয়নেও পৃথক প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সেতুটি কোথায় নির্মাণ করা হলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন, তা বিবেচনায় নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
নড়াইলে দুই নেতা হত্যার জেরে অর্ধশত বাড়িতে হামলা ও লুটপাট
নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতার মৃত্যুর ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিস্থিতি। এ ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ লোকজন এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেলের বহরটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে সেখানে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। শুক্রবার রাতে বিক্ষুব্ধ লোকজন কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানান তিনি।
Comments