জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শক্তি: রাষ্ট্রপতি
জনগণের আস্থাকেই সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের পাশাপাশি জনগণের বিশ্বাস অর্জনই একটি শক্তিশালী সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি।
সশস্ত্র বাহিনীর সদস্যরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রাখবেন এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
২১ নভেম্বর 'সশস্ত্র বাহিনী দিবস-২০২৬' উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে দিবসটির শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে অভিযান শুরু করে। তাদের সাহসিকতা, ঐক্য ও আত্মত্যাগ স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধের সেই গৌরবময় ইতিহাস আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রেরণা হয়ে রয়েছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামো, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
রাষ্ট্রপতি জানান, ধারাবাহিক উন্নয়নের ফলে সশস্ত্র বাহিনী বর্তমানে দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক সক্ষমতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা, সামরিক প্রস্তুতি এবং প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণেও 'সবার আগে বাংলাদেশ' নীতি অনুসরণ করা হচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট এবং জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তাদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বিশ্বপরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন। পাশাপাশি বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
Comments