চামড়াপণ্য ও জুতা কারখানা শ্রমিকদের ৪৮০০ মজুরি বাড়ল
চামড়াপণ্য ও জুতা উৎপাদনকারী কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন মজুরিকাঠামো নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা করা হয়েছে। আর কর্মচারীদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। পাশাপাশি প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির বিধান রাখা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ছয় বছর পর নতুন বেতনকাঠামোর আওতায় এলেন এ খাতের শ্রমিক ও কর্মচারীরা। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
নতুন কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৭ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা করা হয়েছে। অন্যদিকে কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৫ টাকায়। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
শ্রমিকদের জন্য ছয়টি মজুরি গ্রেড
নতুন বেতনকাঠামোতে শ্রমিকদের পদ ও দায়িত্ব অনুযায়ী ছয়টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ বা সর্বনিম্ন গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা।
এই বেতনের মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।
গ্রেডভেদে মূল বেতন ও বাড়িভাড়ার অঙ্কে পার্থক্য থাকলেও সব পর্যায়ের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে পাবেন ২ হাজার ৯০০ টাকা।
পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮৫ টাকা। চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটররা পাবেন ১৪ হাজার ৪০৫ টাকা। তৃতীয় গ্রেডের অপারেটরদের বেতন ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা।
অন্যদিকে প্রথম বা সর্বোচ্চ গ্রেডে থাকা চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদে কর্মরত শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
চার গ্রেডে কর্মচারীদের বেতন
কর্মচারীদের জন্য নতুন কাঠামোতে চারটি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীরা মাসে পাবেন ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা হিসেবে যুক্ত হবে আরও ২ হাজার ৯০০ টাকা।
এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক বেতন হবে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে তিন মাস। তবে বিশেষ প্রয়োজনে মালিকপক্ষ এই সময়সীমা বাড়াতে পারবে।
বাজারদরের সঙ্গে মজুরি নিয়ে প্রশ্ন
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা উৎপাদনকারী কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীর সংখ্যা দুই লাখের বেশি। নতুন মজুরিকাঠামোর ফলে তাদের আয় বাড়লেও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় নির্ধারিত বেতন যথেষ্ট কি না, তা নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকপক্ষে।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে শিল্পমালিকদের বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করতে হচ্ছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাপনও কঠিন হয়ে উঠেছে। উভয় পক্ষের পরিস্থিতি বিবেচনায় নিয়েই আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী নতুন মজুরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নন। তাঁর মতে, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম, তার সঙ্গে নির্ধারিত মজুরির সামঞ্জস্য নেই। ফলে নতুন বেতন ঘোষণার পরও শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ নেই।
Comments