ফতুল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার সুইচ খোলা থাকায় ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার জন্য দিয়াশলাই জ্বালানো বা চুলায় আগুন ধরানোর সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
এক প্রতিবেশী জানান, বিস্ফোরণের পর বাসার ভেতরে গিয়ে তিনি গ্যাসের চুলার সুইচ খোলা অবস্থায় দেখতে পান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে হঠাৎ গ্যাস সরবরাহ চালু হলে বন্ধ দরজা-জানালার কারণে ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালানোর সময় সেই গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, দগ্ধ তিনজনকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধদের শরীর ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
Comments