সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে তারা পৃথকভাবে শিখা অনির্বাণে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে দিনের কর্মসূচির সূচনা হয় ফজরের নামাজের পর। এ সময় দেশের সব সেনানিবাস, নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তারা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করবেন প্রধানমন্ত্রী।
Comments