এমপিদের দ্রুত এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও সহিংস পরিস্থিতি মোকাবেলায় বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় ফিরে সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। গতকাল বুধবার সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পরপরই তাঁদের এলাকায় ফিরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
গতকাল জাতীয় সংসদে অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে ছিল, এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। তাঁদের মধ্যে অনেকে অন্ধত্বও বরণ করেছেন।
এমন একটি দলের পক্ষে মানুষ কখনো যাবে না। আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসতে চাইলেও জনগণ কেন তাদের সমর্থন করবে?
দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৫৫ মিনিটে। সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান সভা পরিচালনা করেন।
মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।
সরকারদলীয় একাধিক সংসদ সদস্য কালের কণ্ঠকে জানান, বৈঠকের শুরুতে কয়েকজন সংসদ সদস্য দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ, দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা তুলে ধরেন। এসব পরিস্থিতি মোকাবেলায় দলীয়ভাবে কী করণীয়, সে বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দিকনির্দেশনা চান।
এ সময় এস এম জিলানী নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগপূর্ণ বক্তব্য দেন। তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। তাঁর আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় অনেকে আহত হয়েছেন। নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন শেষ হওয়ার পর প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় চলে যেতে হবে। সেখানে অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর না করে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করে রাজপথে সক্রিয় থাকতে হবে।
বৈঠকে কয়েকজন সংসদ সদস্য প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তাঁদের নির্দেশনা বা কথা না শোনার অভিযোগ তোলেন। এ সময় প্রধানমন্ত্রী কিছুটা বিরক্তি প্রকাশ করেন বলে বৈঠক সূত্র জানায়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা সরকারি দলের সংসদ সদস্য। আপনারা কিভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসন একসময় আপনাদের বিরুদ্ধে ছিল। সেই অবস্থাতেও আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। তারা আপনাদের কথা শুনতে বাধ্য।' প্রশাসনের কোনো কর্মকর্তা কথা না শুনলে তাঁকে বিষয়টি জানানোর নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অতীত রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন, 'আমরা তো দীর্ঘদিন প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ছিলাম। আমরা অনেক প্রতিকূল পরিস্থিতি পার করে আন্দোলন-সংগ্রাম করেছি। তখন আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন ছিল, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ছিল। তার পরও তারা টিকতে পারেনি। এখন তো তাদের সঙ্গে কেউই নেই। সুতরাং তাদের কর্মসূচি নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।'
বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাদের সেভাবেই মোকাবেলা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি। এখনই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই।
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এমনও ইঙ্গিত দেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুব শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে আরো বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
Comments