আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
জাতীয় সংলাপ অর্থবহ করতে হলে ফ্যাসিবাদের সহযোগী দল আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলটি নিজেদের অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য করেছেন, 'তারা ক্ষমা চাইবে কি না জানি না, তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।'
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংলাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো আলোচনা করেন, তবে সেটা অন্য কিছু হতে পারে, কিন্তু কখনোই সেটি 'জাতীয় সংলাপ' হতে পারে না।
এ প্রসঙ্গে পরিসংখ্যান টেনে তিনি বলেন, 'দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ ধারার রাজনীতি করে। বিভিন্ন জরিপ বলছে, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখনও তাদের পক্ষে অন্তত ২৫ শতাংশ জনসমর্থন ছিল। এখন এই বিশাল জনগোষ্ঠীকে আলোচনার টেবিলের বাইরে রেখে কোনো সংলাপ করলে তাকে জাতীয় সংলাপ বলা যায় না।'
আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে তাদের অপরাধের জন্য অনুশোচনা ও জবাবদিহির প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, 'আপনি তাদের টেবিলে আনেন এবং কাঠগড়ায় দাঁড় করিয়ে ন্যায়বিচার নিশ্চিত করেন।'
দলটির পক্ষ থেকে ক্ষমা চাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, 'তারা অনুশোচনা প্রকাশ করবে কি না, আমি নিশ্চিত নই। তবে আমি যদি আওয়ামী লীগ হতাম, তবে ক্ষমা চাইতাম না। তাদের মানসিকতা এমন যে, তারা বলত—তুমি যদি আমার চেয়ে ভালো শাসনব্যবস্থা উপহার দিতে পারো, তবেই কেবল ক্ষমা চাইতে পারি।'
তিনি আরও যোগ করেন, 'আপনি তাদের টেবিলে এনে সোজা প্রশ্ন করুন—তুমি যা করেছ তার জন্য কি তুমি লজ্জিত? তুমি যা করেছ তার জন্য কি তোমার কোনো অনুশোচনা আছে?'
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, 'এই মুহূর্তে আমাদের "অপেক্ষা করো এবং দেখো" (Wait and See) নীতি ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা যারা রাজনীতিবিদ, তারা অত্যন্ত আবেগের সঙ্গেই রাজনীতি করি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও ঘোলাটে। আশা করা যায়, সামনের জানুয়ারির মধ্যে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে।'
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক চরম দূরত্ব ও বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ধর্মীয় বিভাজনের মতোই বর্তমান রাজনৈতিক মত ও পথের পার্থক্যের কারণে সমাজে ভয়াবহ বিভক্তি ও হিংস্রতা তৈরি হয়েছে।
রাজনীতিবিদদের পারস্পরিক সম্পর্কের অবনতির কথা উল্লেখ করে তিনি আক্ষেপের সুরে বলেন, 'রাজনীতিবিদরা আজ একে অপরের সঙ্গে বসে এক কাপ চা খাওয়া তো দূরের কথা, পরস্পরের দিকে ঠিকমতো তাকানও না। রাজনৈতিক সংস্কৃতির এই অবনতি আমাদের কখনোই কোনো ভালো গন্তব্যে নিয়ে যাবে না।'
Comments