চীনে পৌঁছেছেন ট্রাম্প, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানালেন শি জিনপিং
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক (APEC) সম্মেলনে যোগ দিতে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি ও ব্যবসাকেন্দ্র শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিমান অবতরণের পর বিমানবন্দরে তাকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই নেতাকে কোলাকুলি করতে দেখা যায় এবং তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্পের আগমন উপলক্ষে শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা বিছানো হয়। বিমান থেকে নামার পর দুই রাষ্ট্রনেতা লালগালিচায় দাঁড়িয়ে সামরিক বাহিনীর গার্ড অব অনার পরিদর্শন ও স্যালুট জানান। এ সময় শিশুরা ফুলেল শুভেচ্ছা ও নানা রঙের পতাকা নেড়ে তাদের স্বাগত জানায়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই অভ্যর্থনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উষ্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। সিনহুয়ার তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর মাসে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে গেলে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী তাকে বিশেষভাবে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন। শেনজেনে এসে সেই উষ্ণতারই পারস্পরিক প্রতিদান দিলেন চীনা প্রেসিডেন্ট।
এদিকে শেনজেনে এই বর্ণাঢ্য অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফর এবং দুই নেতার উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি ও সিনহুয়া
Comments