ফের হামলার আতঙ্কে টুঙ্গিপাড়া থানা ত্যাগ করছেন পুলিশ সদস্যরা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পুনরায় হামলার আশঙ্কায় থানা ছেড়ে পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে চলে যাচ্ছেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এই দৃশ্য দেখা গেছে।
সরেজমিন তথ্যে জানা যায়, এ সময় পুলিশ সদস্যরা তাদের নির্ধারিত পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত বিভিন্ন মালামাল গুছিয়ে ভ্যান ও ইজিবাইকে করে থানা ত্যাগ করেন। তবে এ বিষয়ে তাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উপপরিদর্শক জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফের প্রায় ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় এসে উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে থানায় নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে পুলিশ সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও পুনরায় হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে তারা পালিয়ে যাচ্ছেন না, বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সবাই গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর পরপরই স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকরা দলবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। আটকদের থানায় ঢুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
কিন্তু পরবর্তীতে আন্দোলনকারীরা চত্বরে প্রবেশ করে থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ওই হামলায় থানার ৯টি গাড়ি এবং ১৫টি মোটরসাইকেল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
Comments