রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ
রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র কার্যকর সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করা অত্যন্ত জরুরি।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে নিজের প্রথম আনুষ্ঠানিক সফর শেষে জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকের শুরুতেই কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ এবং স্থানীয় বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান শামা ওবায়েদ। জবাবে বিশেষ প্রতিবেদক রোহিঙ্গাদের সঙ্গে তার মতবিনিময়ের বিস্তারিত তুলে ধরে বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তায় ধীরে ধীরে ঘাটতি দেখা দিচ্ছে। পাশাপাশি এই সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরণের অনিশ্চয়তা বিরাজ করছে।
এ সময় মিয়ানমারের সার্বিক অবনতিশীল পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যে নতুন করে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের জানমালের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শামা ওবায়েদ আরও বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই সংকটের মূল কারণগুলো মোকাবিলায় এটি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে।
বৈঠকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার আসন্ন রায়ের প্রতি বাংলাদেশের গভীর আগ্রহের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, এই রায় আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।
সবশেষে, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক তার অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন শামা ওবায়েদ।
Comments